| বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | প্রিন্ট | 155 বার পঠিত
সংগৃহীত ছবি
এই মুহুর্তে গোটা দুনিয়ার সিনেমাপ্রেমী মানুষরা যে সিনেমাটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন তার নাম ‘ওপেনহেইমার’। ২১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ক্রিস্টোফার নোলানের এই ছবি। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে বহুলকাঙ্ক্ষিত ছবিটি।
হলিউড তথা বিশ্ব চলচ্চিত্রে নির্মাতা হিসেবে যে নামটির প্রতি প্রবল আকর্ষণ সবার সেটি ক্রিস্টোফার নোলান। সিনেমার প্রতি আগ্রহ তৈরি করতে এই নামটিই যথেষ্ট। ক্রিস্টোফার নোলান মানেই সময়ের চেয়ে এগিয়ে থাকা নির্মাণশৈলী। দর্শক-সমালোচক-বোদ্ধা এমনকি সারা বিশ্বের নির্মাতারাও মুখিয়ে থাকেন তার ছবি দেখার জন্য। অন্যান্য ছবির মতো ‘ওপেনহেইমার’-এও তিনি এমন কিছু নিয়ে এসেছেন যা অনেকের চিন্তার বাইরে।
মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তাঁর জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা কিলিয়ান মারফি। এছাড়াও আছেন হলিউডের জনপ্রিয় তারকা রবার্ট ডাউনি জুনিয়র ও ম্যাট ডেমন। রয়েছেন এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পাগ, ক্যাসে অ্যাফ্লেক, জশ হার্টনেটসহ আরও অনেকে।
গত ১২ জুলাই প্যারিসে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। আর প্রথমবারের মতো পর্দায় উন্মোচন হয় ‘ওপেনহেইমার’। সিনেমাটির প্রথম দর্শনেই প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরা। বিখ্যাত ওয়েবসাইট কোলাইডারের স্টিভ ওয়েইনটাব সিনেমাটিকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন।
Posted ১:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam