| মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 90 বার পঠিত
শরফুদ্দৌলার দেয়া সিদ্ধান্তে বিসিসিআই কর্তার ক্ষোভ, তবে পাশে ক্রিকেট কিংবদন্তিরা
মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে নাটকীয় ব্যাটিং ধসে ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে হেরে বসেছে ভারত। ১৮৪ রানের বড় হারে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনাও ফিকে হয়ে গেছে তাদের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম দিনে ড্রয়ের জন্য খেলা ভারতকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু অজি অধিনায়ক প্যাট কামিন্সের একটি বাউন্সারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে জয়সওয়ালের আউটটি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে
ভারতের ইনিংসের ৭১তম ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে ধরা পড়েন ৮৪ রানে ব্যাট করা যশস্বী জয়সওয়াল। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা আউটের আবেদন জানালেও মাঠের আম্পায়ার জোয়েল উইলসন তাতে সাড়া দেননি। ফলে অজি অধিনায়ক প্যাট কামিন্স রিভিউ নেন।
রিপ্লেতে ব্যাটে এবং গ্লাভসে বল লাগার প্রমাণ মেলে। একই সঙ্গে বলের গতিপথ পরিবর্তনের প্রমাণও পাওয়া যায়। তবে অধিকতর নিশ্চয়তার জন্য থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা স্নিকো’র সাহায্য চান। বল কোথাও স্পর্শ করলে এই প্রযুক্তি লম্বা দাগের মাধ্যমে তা প্রকাশ করে। কিন্তু এই ক্ষেত্রে স্নিকোতে তেমন কোনো দাগের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে এলিট প্যানেলের এই বাংলাদেশি আম্পায়ার প্রযুক্তির তোয়াক্কা না করে বাদবাকি প্রমাণ মাথায় রেখে আউট ঘোষণা করেন। যে সিদ্ধান্ত পছন্দ হয়নি জয়সওয়ালের। মাঠেই তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন।
জয়সওয়ালের বিদায়ের পর ভারতের ইনিংস আর ৯ ওভার স্থায়ী হয়। আর মাত্র ১৫ রান যোগ করতেই বাকি ৩ উইকেট হারায় ভারত। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মাও থার্ড আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে একমত প্রকাশ করলেও অনেকেই এই সিদ্ধান্তের বিপক্ষে মত দিয়েছেন। ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার এই দলে আছেন।
এবার জয়সওয়ালকে আউট দেয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সহসভাপতি এবং আইপিএলের সাবেক চেয়ারম্যান রাজীব শুক্লা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘যশস্বী জয়সওয়াল পরিষ্কারভাবে নটআউট ছিলেন। থার্দ আম্পায়ারের অবশ্য তা বিবেচনায় নেওয়া উচিত ছিল যা প্রযুক্তি তাকে পরামর্শ দিয়েছিল। ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদল করতে থার্ড আম্পায়ারের শক্ত কারণ থাকা উচিত।’
ভারতের অধিনায়ক রোহিত শর্মার মন্তব্যে অবাক হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল ভন। প্রযুক্তি যে সবসময় শতভাগ সঠিক সিদ্ধান্ত দিতে পারে না এই বিষয়টি স্বীকার করে রোহিত অভিযোগ করেছিলেন যে, সবসময় ‘৫০-৫০’ সিদ্ধান্তগুলো ভারতের বিপক্ষেই যায়।
ভন রোহিতের এমন অভিযোগের প্রেক্ষিতে এক্সে লিখেছেন, ‘সত্যিই…এসব বন্ধ করুন…এটা আউট ছিল…গতকালের সকল সিদ্ধান্ত সঠিক ছিল…অস্ট্রেলিয়া গত সপ্তাহে অপেক্ষাকৃত ভালো দল ছিল।’
অস্ট্রেলিয়ার সাবেক তারকা মার্ক ওয়াহ’ও মনে করেন, আম্পায়ার সঠিক ছিলেন এবং এখানে সন্দেহের কিছুই নেই। এক্সে তিনি লিখেছেন, ‘চলুন এটা একবারে পরিষ্কার করে নেওয়া যাক। জয়সওয়াল স্পষ্টভাবেই আউট ছিলেন, এটা ব্যাট/গ্লাভ থেকে খুবই স্পষ্ট একটি বিচ্যুতি ছিল। প্রথমবারে আম্পায়ার এটা কীভাবে মিস করলেন, বুঝতে পারছি না। হয়তো স্নিকো এটাকে ধরতে পারেনি কারণ এটি খুব নরম একটি গ্ল্যান্সিং ব্লো ছিল, কিন্তু দিনের শেষে সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে।’
আরেক অজি কিংবদন্তি মার্ক টেলরও মনে করেন এখানে বিতর্কের কিছুই নেই। চ্যানেল নাইনকে তিনি বলেন, ‘আমার মতে, এখানে বিতর্কের কিছুই নেই। আপনি রিপ্লেতে খেয়াল করলেই দেখতে পাবেন তার ব্যাটে বল লেগেছে এবং পরিষ্কার বিচ্যুতি ছিল। যারা বিতর্ক খুঁজে পাচ্ছেন তারা আসলে বিতর্ক করতে চান। অস্ট্রেলিয়া গতকাল সত্যিকারের ১০ উইকেট নিয়েছে এবং পরিষ্কারভাবে প্রাপ্য জয় পেয়েছে।’
Posted ৯:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam