| বুধবার, ১৮ জুন ২০২৫ | প্রিন্ট | 124 বার পঠিত
পূজায় মুক্তি পাচ্ছে তিন সিনেমা
গত ঈদুল আজহায় মু্ক্তি পায় ছয়টি সিনেমা। তবে এ তালিকায় ছিল ১০ সিনেমা। শেষ মুহূর্তে চারটি সিনেমা পিছিয়ে যায়। মুক্তির তালিকা থেকে সরে যায় ‘নাদান’, ‘সর্দারবাড়ির খেলা’, ‘শিরোনাম’ ও ‘পিনিক’। এবার জানা যায়, ঈদে সরে যাওয়া বেশির ভাগ সিনেমা দুর্গাপূজা উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে।
গত ১৩ মে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেয়া হয়েছিল ফারহাদ হোসেনের নাদান সিনেমার। ঈদের এক সপ্তাহ বাকি থাকতে নির্মাতা জানান, কারিগরি জটিলতার কারণে ঈদে মুক্তি দেয়া সম্ভব হচ্ছে না। সম্ভব না হলেও অন্য উৎসবে আসছে নাদান। আগামী সেপ্টেম্বরে দুর্গা পূজা উপলক্ষে সারা দেশে মুক্তি দেয়া হবে, নিশ্চিত করেছেন নির্মাতা ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা পিছিয়ে গিয়েছিলাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গা পূজা উপলক্ষে মুক্তি দেয়া হবে সিনেমাটি। সব ঠিক থাকলে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে নাদান।’
নির্মাতা আরো জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। নাদান সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, সায়মা স্মৃতি, রাকিব হোসেন ইভন, এরফান মৃধা শিবলু, সাইফ খান, জুয়েল জহুর প্রমুখ।
পিনিক সিনেমাটিও রোজার ঈদে মুক্তির কথা ছিল। তবে ভিএফএক্সের কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি। এটিও দুর্গা পূজা উপলক্ষে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন নির্মাতা জাহিদ জুয়েল। নির্মাতা বলেন, ‘নানা কারণে ঈদের সময় পিনিক মুক্তি দেয়া সম্ভব হয়নি। তাই দুর্গা পূজাকে কেন্দ্র করে আমরা দর্শকের সামনে আসতে চাই। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। শিগগির সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে মুক্তির তারিখ।’
রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানায় নির্মিত পিনিক। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আদর আজাদ ও বুবলী। আরো আছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু প্রমুখ।
দুর্গা পূজায় মুক্তির তালিকায় আছে ঈদে সরে যাওয়া আরেক সিনেমা সর্দারবাড়ির খেলা। সেভাবেই এগোচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। তার আগে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা। সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন রাখাল সবুজ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান, শবনম বুবলী, আজাদ আবুল কালাম প্রমুখ।
দুর্গা পূজায় তিনটি সিনেমার মুক্তির পরিকল্পনা জানা গেলেও একটু পিছিয়ে আছে অনিক বিশ্বাসের ‘শিরোনাম’। মুক্তির সময় চূড়ান্ত করতে না পারলেও চলতি বছরই সিনেমাটি আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন নির্মাতা।
Posted ৫:০২ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam