| বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | 201 বার পঠিত
‘আলী আমাদের আশপাশের বাস্তব জীবনের প্রতিচ্ছবি’
চলচ্চিত্রপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে আসছে ইরফান সাজ্জাত অভিনীত ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র ‘আলী’। আগামীকাল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি, যেখানে এক বাক্প্রতিবন্ধী যুবকের চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাতকে। বাস্তবধর্মী এ চরিত্র ও গল্পের কারণে সিনেমাটি এরই মধ্যে আলোচনায় এসেছে।
সিনেমাটি নিয়ে ইরফান সাজ্জাত বলেন, ‘আলী আমার জন্য একটা ইমোশনাল প্রজেক্ট। আমরা শুট করেছি ২০২৩ সালের শেষ দিকে এবং ২০২৪ সালের শুরুতে। এটি আমার প্রথম সিনেমা পরিচালক বিপ্লব হায়দারের সঙ্গে। কাজটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা দর্শকের জন্য একটি ব্যতিক্রম গল্প উপস্থাপন করতে চেয়েছি। আশা করছি, যারা সিনেমাটি দেখবেন তারা গভীরভাবে গল্পের সঙ্গে যুক্ত হতে পারবেন।’
আলী সিনেমার গল্প মূলত একজন বাক্প্রতিবন্ধী তরুণকে ঘিরে, যে সমাজের মূলধারার বাইরে থেকেও টিকে থাকার লড়াই চালিয়ে যায়। এ চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ইরফান বলেন, ‘চরিত্রটা সহজ ছিল না আমার জন্য। যখন পরিচালক গল্পটি বলেন, তখন চরিত্রটি করতে ইচ্ছা ছিল, কিন্তু ভয়ও কাজ করছিল। সিনেমাজুড়ে আলী চরিত্রটিকে ধরে রাখা ছিল শারীরিক ও মানসিকভাবে খুবই কষ্টকর। শুটিং শেষে প্রায়ই অসুস্থ হয়ে পড়তাম, কারণ সারাক্ষণ মুখ বেঁকিয়ে রাখা, কথা না বলে শুধু অঙ্গভঙ্গিতে ভাব প্রকাশ করা এসব ছিল দারুণ চ্যালেঞ্জিং।’
তিনি আরো বলেন, ‘প্রথম দিন যখন শুট করছিলাম, পরিচালক বলেছিলেন, আমি আমার আলীকে পেয়ে গেছি। সে কথা আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিল। এরপর টানা তিন-চার মাস আমরা শুট করেছি। প্রতিটি দৃশ্যেই নিজেকে ভেঙে গড়ে চরিত্রটিকে জীবন্ত করে তোলার চেষ্টা করেছি। সিনেমাটিতে প্রত্যেকেই যার যার জায়গা থেকে গল্পের আবহে ভারসাম্য বজায় রেখে নিজ নিজ চরিত্রে নিজের সবটুকু দিয়ে অভিনয় করেছেন।’
দর্শকের উদ্দেশে ইরফান সাজ্জাত বলেন, ‘আলী একটি সময়োপযোগী গল্প। এটি কোনো রঙিন স্বপ্নের ফ্যান্টাসি নয়, বরং আমাদের আশপাশের বাস্তব জীবনের প্রতিচ্ছবি। আমি বিশ্বাস করি, দর্শক যখন এ ধরনের গল্প গ্রহণ করবেন, তখন পরিচালক ও প্রযোজকরা এমন সাহসী কাজ করতে আরো উৎসাহী হবেন। আলী দেখা মানে শুধু একটি সিনেমা দেখা নয়, এটা দেখা মানে একটি জীবনের গল্প অনুভব করা।’
চলচ্চিত্রটির প্রচারণা এরই মধ্যে শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সিনেমাপ্রেমীরা এ ব্যতিক্রমী গল্প ও চরিত্র নিয়ে যথেষ্ট আগ্রহ প্রকাশ করছেন।
সিনেমাটির পরিচালক বিপ্লব হায়দার। ছোট পর্দা পেরিয়ে গত বছর বড় পর্দায় তার অভিষেক ঘটে চলচ্চিত্র ‘ভয়াল’-এর মাধ্যমে। চলচ্চিত্রটিতে ইরফান সাজ্জাতের পাশাপাশি অভিনয় করেছেন মিশা সওদাগর, কাজী হায়াত, শতাব্দী ওয়াদুদ, শওকত সজল, পারভেজ সুমন, ক্রিস্টানো তন্ময়, তাশিক নবীরা, মো. ইকবাল, মীর শহীদ ও মেঘ বাদশা।
Posted ৪:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam