| শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 123 বার পঠিত
নব্বই দশকের ঢালিউডের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর জন্মদিন। ১৯৭১ সালে সিলেটে জন্ম নিয়েছিলেন তিনি। যদি জীবিত থাকতেন, তবে পা রাখতেন ৫৪ বছরে।
কিন্তু ভাগ্যের নির্মম পরিণতি—১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সেই নিভে যায় এই কিংবদন্তি নায়কের জীবনপ্রদীপ। অল্প সময়ের জন্য ইন্ডাস্ট্রিতে এলেও তিনি রাতারাতি হয়ে ওঠেন বাংলার পর্দার স্টাইল আইকন। তার আলোকচ্ছটা তিন দশক পরও ম্লান হয়নি; বরং দিনকে দিন আরও উজ্জ্বল হয়ে উঠছে।
অনেকে মনে করেন, স্বল্প সময়ের জন্য আসাতেই সালমান শাহ এতটা আলো ছড়াতে পেরেছিলেন। নব্বইয়ের দশকে তরুণদের কাছে তিনি ছিলেন এক অনন্য নায়ক। সহকর্মীরাও তাকে দেখতেন অনুপ্রেরণা আর আদর্শ হিসেবে। অভিনয়, ফ্যাশন কিংবা স্টাইল—প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন কয়েক ধাপ এগিয়ে।
তার চলে যাওয়ার প্রায় তিন দশক পেরিয়ে গেলেও ভক্তদের হৃদয়ে এখনও অমর হয়ে আছেন সালমান শাহ। জন্মদিন উপলক্ষে আজও ভক্তরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসাচ্ছেন শুভেচ্ছা আর ভালোবাসায়।
ভক্তদের পাশাপাশি ঢালিউডের তারকারাও ভুলতে পারেননি তাকে। দেশের মেগাস্টার শাকিব খানও শ্রদ্ধা জানালেন প্রিয় নায়ককে। শুক্রবার দুপুরে নিজের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস-এর পক্ষ থেকে একটি ফটোকার্ড শেয়ার করেন তিনি। সেখানে লেখা ছিল— ‘শুভ জন্মদিন সালমান শাহ।’
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam