| সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 126 বার পঠিত
ওয়ানডে সিরিজ খেলতে সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় দেশ ছাড়ছেন চার ক্রিকেটার।
ওয়ানডে খেলতে সন্ধ্যায় দেশ ছাড়ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন ইমন । মজার ব্যাপার হলো, এখনও পর্যন্ত ওয়ানডে সিরিজের জন্য দলই ঘোষণা করেনি বিসিবি। দল ঘোষণার আগেই এই চার ক্রিকেটারের দেশ ছাড়ার কথা নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র।
চোটের কারণে টেস্ট দলে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই তার দলে ফেরার কথা রয়েছে। অন্যদিকে আফগানিস্তান সিরিজে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিমও। তার ফেরার ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডে থেকে এখনও অবসর নেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে সম্প্রতি মিরপুরে ঐচ্ছিক অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার সঙ্গে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্তও। কুঁচকির ইনজুরি থেকে সেরে ওঠা টাইগার অধিনায়ক সেদিন রানিং করেছিলেন।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন কুঁচকিতে চোট পান শান্ত। যে কারণে মিস করছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। তবে বিসিবি সূত্র নিশ্চিত করেছে, ক্যারিবীয়ান সিরিজ খেলতে বাঁধা নেই তার।
বাঁহাতি স্পিনার হিসেবে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে একাদশে জায়গা হতে পারে নাসুম আহমেদের। তাইতো তিনিও আজ (২ ডিসেম্বর) রওনা দেবেন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে। তার সঙ্গে আছেন পারভেজ হোসেন ইমন। সবকিছু ঠিক থাকলে কপাল খুলতে পারে এই ক্রিকেটারের।
ওপেনার নিয়ে বাংলাদেশের সমস্যাটা নতুন কিছু নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিং করতে দেখা যেতে পারে তানজিদ তামিকেই। সে কারণেই হয়তো তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দ্বীপপুঞ্জের দেশটিতে।
Posted ৮:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam