শিক্ষা ডেস্ক | বুধবার, ০৫ জুলাই ২০২৩ | প্রিন্ট | 963 বার পঠিত
সংগৃহীত ছবি
চাকরি হারিয়ে পরিবার পরিজনের জন্য দু’মুঠো অন্নের ব্যবস্থা করতে রাজধানীর রাজপথে চৈত্রের তপ্ত দুপুরে শিক্ষক সুরমান আলীর উবার মোটরসাইকেল চালানোর ছবি ছাপা হয়েছিল গত ২৩ মার্চ শেষপাতায় ‘প্রধান শিক্ষক সুরমান এখন উবারচালক’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়ার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সেই প্রধান শিক্ষক সুরমান প্রায় দু’বছর পর অবশেষে তাঁর চাকরি ফিরে পেয়েছেন। ঈদুল আজহার আগে গেল ২১ জুন তিনি তাঁর পুরনো কর্মস্থল রাজধানীর নীলক্ষেত হাইস্কুলে প্রধান শিক্ষক পদে যোগ দিয়েছেন।
এর আগে ১৫ জুন নীলক্ষেত হাইস্কুল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান শিক্ষক পদে সুরমান আলীকে পুনর্বহাল করার সিদ্ধান্ত হয়। প্রধান শিক্ষক সুরমান আলী নিজেই এ তথ্য জানান।
সুরমান আলী বলেন, ‘বেনামি এক অভিযোগের ভিত্তিতে স্কুলের ব্যবস্থাপনা কমিটি নীলক্ষেত হাইস্কুলের প্রধান শিক্ষক পদ থেকে ২০২১ সালের ১৪ নভেম্বর প্রথমে সাময়িক বরখাস্ত এবং পরে ২০২২ সালের ৯ মে চূড়ান্তভাবে বরখাস্ত করে। আজ পর্যন্ত অভিযোগকারী পত্রদাতাকে খুঁজে পাওয়া যায়নি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়, ঢাকা শিক্ষাবোর্ডের আরবিট্রেশন বোর্ডে সেসব অভিযোগের কোনো প্রমাণ স্কুল কর্তৃপক্ষ দেখাতে পারেনি।’
অভিযোগের প্রমাণ না মেলায় ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ গত বছরের ১৪ সেপ্টেম্বর সুরমান আলীকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেয়। তবে স্কুল ব্যবস্থাপনা কমিটি সে নির্দেশ প্রতিপালন না করে উল্টো তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করছিল। ৩২ মাস ধরে চাকরির বাইরে থাকায় তিনি উবারে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
জানা গেছে, এরই মধ্যে নীলক্ষেত হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পরিবর্তন হয়েছে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশীদও স্বাভাবিক অবসরে চলে যান। ফলে প্রতিষ্ঠানটিও অভিভাবকশুন্যতায় ভুগছিল। নতুন কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ এম আমজাদ দায়িত্ব নিয়েই প্রতিষ্ঠানটি গতিশীল করার উদ্যোগ নেন। গত ১৪ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষ থেকে সুরমান আলীর বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে একটি চিঠি দেওয়া হয়। এরপরই ১৫ জুন কমিটির সভা ডেকে সুরমান আলীকে চাকরিতে পুনর্বহাল করা হয়।
সুরমান আলী জানান, তিনি ৩২ মাস স্কুলের বাইরে ছিলেন। এসে দেখেছেন শিক্ষার্থী নেমে গেছে অর্ধেকে। এখন তিনি প্রতিষ্ঠানটি ফের যেন ঘুরে দাঁড়াতে পারে সেই উদ্যোগ নেবেন।
Posted ৪:৪৫ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam