| রবিবার, ২৫ মে ২০২৫ | প্রিন্ট | 126 বার পঠিত
৮ স্ত্রীর জীবনেই আব্বাস ভিন্ন রকম মানুষ
জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। প্রতি ঈদেই জনপ্রিয় কনটেন্ট নিয়ে হাজির হন তিনি। এবারের কোরবানির ঈদে আসছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। সিরিজটি নির্মাণ করেছেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলার। প্রায় ২ মিনিটের ট্রেলারেই দর্শক কিছুটা ধারণা পেয়েছে, কী হতে চলেছে সিরিজ-জুড়ে!
সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। তার সঙ্গে অভিনয় করেছেন আট অভিনেত্রী। তারা হলেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুঁই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। প্রত্যেকেই সিরিজে তুলে এনেছেন ভিন্ন ভিন্ন স্ত্রীর গল্প, দৃষ্টিভঙ্গি ও আবেগ।
ট্রেলারে দেখা যায়, ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে সাতটা বিয়ে করেছে। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস একেক রকম মানুষ।
কোনো বউই একে অন্যের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে। ঘটনাচক্রে আট নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা।
সে পরিস্থিতি থেকে কি আব্বাস মুক্তি পায়? তার জীবনে কি শান্তি মেলে? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী ৫ জুন। অর্থাৎ ওই দিনই ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে বোহেমিয়ান ঘোড়া।
পরিচালক অমিতাভ রেজা বলেন, ‘যারা অভিনয় করেছেন, তারা সবাই আমার প্রাণের মানুষ। আব্বাস চরিত্রটি এমন, যার ব্যক্তিত্বে এক চুম্বকীয় আকর্ষণ আছে। সে সহজেই নারীদের মন জয় করে ফেলে, কিন্তু নিজের জীবনধারা ও সিদ্ধান্ত নিয়ে সে সবসময় এক গভীর দ্বন্দ্বে ভোগে। আমার একজন অভিনেতা প্রয়োজন ছিল, যার অভিনয়ক্ষমতা এমন যে ক্ষণে ক্ষণে চরিত্রের রূপ পরিবর্তন করতে পারেন। মেথড অভিনয়ে পারদর্শী এ শহরে দু-একজনই আছেন, যার মাঝে মোশারফ করিম একজন।’
বোহেমিয়ান ঘোড়ায় ট্রাক ড্রাইভারের চরিত্রটি হইচইয়ের দর্শকের জন্য হতে যাচ্ছে এক দারুণ চমক। মোশাররফ বলেন, ‘আমরা আমাদের কাজটুকু করেছি। এখন অপেক্ষা সিরিজটি দর্শকের কাছে পৌঁছার।’
বোহেমিয়ান ঘোড়ায় আম্বিয়া চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। এ সিরিজে তাকে দেখা যাবে গরম মেজাজ ও আত্মবিশ্বাসী এক নারীর চরিত্রে।
বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন, ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাকে বোহেমিয়া ঘোড়ায়। মৌসুমি হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়। জুঁইকে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে। সঙ্গে আছেন ফারহানা হামিদ, তার চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান, যা দর্শককে ছুঁয়ে যাবে। এছাড়া অদিতি ও বৃষ্টি নামে দুজন নতুন মুখের আবির্ভাব ঘটেছে এ সিরিজে।
দেখা যাবে রাকিব হোসাইন ইভন, অশোক ব্যাপারী, সুমন পাটোয়ারী, পঙ্কজ মজুমদার, সায়্যেদা, শরীফুলসহ আরো অনেকেই।
বোহেমিয়ান ঘোড়া সিরিজটি কমেডি, রহস্য ও মানবিক গল্পের এক মিশ্র অভিজ্ঞতা, যেখানে হাসির আড়ালে লুকিয়ে আছে ব্যথা, মিথ্যার ভেতর লুকিয়ে আছে ভালোবাসা।
ট্রেলারটি এখন হইচই বাংলাদেশের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজসহ সব সোশ্যাল মিডিয়ার পেজে দেখা যাচ্ছে। পুরো সিরিজটি আগামী ৫ জুন মুক্তি পাবে হইচইয়ে।
Posted ৪:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam