শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শুটিং হাউজ বন্ধের নোটিসে ক্ষোভ, সমাধান চান শিল্পীরা

  |   শনিবার, ২৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   128 বার পঠিত

শুটিং হাউজ বন্ধের নোটিসে ক্ষোভ, সমাধান চান শিল্পীরা

শুটিং হাউজ বন্ধের নোটিসে ক্ষোভ, সমাধান চান শিল্পীরা

শুটিং কার্যক্রম বন্ধে হাউজ মালিকদের চিঠি দিয়েছে উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতি। গত ২০ জুলাই সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শুটিংয়ের কারণে রাস্তায় জনসমাগম, যান চলাচলে বিঘ্ন ও বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা দেখা দিচ্ছে। চিঠিতে হাউজের মালিকদের শুটিং হাউজ হিসেবে বাড়ি ভাড়া না দেয়ার আহ্বান জানানো হয় এবং বলা হয়, আবাসিক এলাকায় এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম নীতিমালার পরিপন্থী। সেক্টরের পরিবেশ ও সুনাম রক্ষায় হাউজের মালিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়েছে। শুটিং হাউজ বন্ধের চিঠির খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নাট্য নির্মাতা, অভিনেতা থেকে বিনোদনের অন্যান্য অঙ্গনের তারকারা। এ বিষয়ে জানতে চাইলে ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম বণিক বার্তাকে বলেন, ‘আমরা এরই মধ্যে পদক্ষেপ নিয়েছি। একটি প্রতিবাদলিপি দিয়েছি এবং উত্তরা কল্যাণ সমিতিকে আলোচনার জন্য আহ্বান জানিয়েছি। হাউজ মালিক সমিতির পাশে আমরা আছি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং এখন আলোচনার পর্যায়ে রয়েছে। আমাদের ধারণা, এতে এলাকাবাসীর ক্ষতির কোনো কারণ নেই। তবে রাতের বেলায় শুটিং হলে তা এলাকাবাসীর অসুবিধার কারণ হতে পারে, এ ব্যাপারে নির্মাতাদের সচেতন থাকা উচিত।’ অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বণিক বার্তাকে বলেন, ‘আমরা এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দেশের বর্তমান পরিস্থিতির কারণে আমাদের মিডিয়া জগৎ নাজুক অবস্থায় রয়েছে। একের পর এক আঘাত ও বাধার মুখে আমাদের কাজ ব্যাহত হচ্ছে। আমরা শুটিংয়ে সর্বদা গোলমালমুক্ত পরিবেশ রাখার চেষ্টা করি। যেখানে শুটিং হয়, সেখানে ৪০-৫০ জন মানুষের উপস্থিতি থাকে, তবুও বাইরে থেকে বোঝা যায় না যে ভেতরে শুটিং হচ্ছে। তারা বলছেন, আমরা নাকি প্রতিবন্ধকতা তৈরি করছি, এটি উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা। কারণ এখানে গত ২৪ বছর শুটিং চলেছে। আমরা এর দ্রুত সমাধান কামনা করছি। শিগগিরই সব সংগঠন মিলিত হয়ে যারা নিষেধাজ্ঞা দিয়েছেন, তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়া হবে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

অভিনয়শিল্পী সংঘের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বণিক বার্তাকে বলেন,

‘হুট করে চিঠি দিয়ে শুটিং বন্ধ করতে বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ হঠাৎ বন্ধ করে দিলে এত শিল্পী ও কলাকুশলীর কী হবে? তবে আমি এটাও মনে করি, আবাসিক এলাকায় দীর্ঘমেয়াদি বাণিজ্যিক শুটিং কার্যক্রম চলা উচিত নয়। শুটিং হাউজের পাশে অসুস্থ রোগী থাকতে পারেন, পরীক্ষার্থী থাকতে পারেন—এমন অনেক অভিযোগ এর আগেও এসেছে। আমার মতে, বাণিজ্যিক শুটিং বাণিজ্যিক জোনেই হওয়া উচিত। আমাদের নিজস্ব বাণিজ্যিক শুটিং জোন না থাকার কারণে শুটিংয়ের শৃঙ্খলা নষ্ট হচ্ছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। নির্মাতা মাহমুদ দিদার লিখেছেন, ‘শুটিং হাউজ বন্ধ করে দিতে বলেছে। অনেক বছর ধরে উত্তরায় শুটিং হয়! কোনো কমপ্লেইন ছিল না। এখন চলবে না এসব! ঘুমের ডিস্টার্ব হয়। আমার ধারণা, এ অঞ্চলে দীর্ঘদিনের যে শুটিং কালচার, এটা আর থাকবে না। এটা কেবল আলামত! উত্তরা কিংবা পুবাইল, দুঃসময় এল বলে!’ তপু খান লিখেছেন, ‘সরাসরি নিষেধাজ্ঞা আরো গ্রহণযোগ্য নয়। এটা শিল্পসংস্কৃতি বিকাশে বাধার শামিল। আমাদের অনেকের স্মৃতিবিজড়িত শুটিং হাউজ উত্তরার লাবণী-৪। এ হাউজের আসলাম ভাই আমার দেখা অন্যতম ভালো ও নিরীহ মানুষ। সেখানে শুটিং না করার জন্য অনুরোধ করেছেন উত্তরা সেক্টর কর্তৃপক্ষ (হয়তো আরো অনেককেই বলেছেন)। সংশ্লিষ্ট সংগঠনগুলোকে অনুরোধ করছি জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য। যদি কোনো ত্রুটি বা ভুল–বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে। তাই বলে সরাসরি নিষেধাজ্ঞাকে ভালো চোখে দেখছি না।’

অভিনয়শিল্পী সংঘের সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান লিখেছেন, ‘উত্তরা সেক্টর ৪ কল্যাণ সমিতি থেকে শুটিং বন্ধের নোটিশ এসেছে। আবাসিক এলাকায় নানান রকম অফিস হয়। শত শত স্কুল হয়, মাল্টিটাইপ ব্যবসা হয়। শুধু শুটিংয়ে সমস্যা! আগেও এ ধরনের চেষ্টা হয়েছে। সেগুলো সংশ্লিষ্ট সংগঠনগুলো স্থানীয় সংসদ সদস্য, সিটি করপোরেশন এবং পুলিশ প্রশাসন মিলে সুনির্দিষ্ট নীতিমালা করে সমাধান করেছেন। এবারও আশা করি তাই হবে। সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।’

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com