| বুধবার, ৩০ জুলাই ২০২৫ | প্রিন্ট | 86 বার পঠিত
ইমরান ও কনার কণ্ঠে নতুন সিনেমার রোমান্টিক ডুয়েট
‘আমি বরাবরই চেষ্টা করি এমন গানে কণ্ঠ দিতে, যার মধ্যে গল্প থাকে, আবেগ থাকে। এই গানটি ঠিক তেমনই। ইমন সাহা ভাইয়ের সুরে এক অন্যরকম আবহ তৈরি হয়েছে। কনার সঙ্গে কাজ করতে সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’
সংগীতাঙ্গনের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। এ দুই শিল্পী আবারও জুটি হয়ে হাজির হচ্ছেন নতুন একটি চলচ্চিত্রের গান নিয়ে। কামরুজ্জামান পরিচালিত আসন্ন চলচ্চিত্র ‘আবার হঠাৎ বৃষ্টি’-তে গান গাইলেন তারা। গানটির শিরোনাম ‘একটি গল্প অল্প অল্প’
গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা। সম্প্রতি ঢাকার মগবাজারের ফোকাস মাল্টিমিডিয়া স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এরপর রাঙামাটির প্রাকৃতিক লোকেশনে গানটির চিত্রায়ন করেছেন নির্মাতা। গানটিতে নৃত্য পরিচালনায় ছিলেন কোরিওগ্রাফার জাকির হোসেন।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে দেশের দুই খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান—ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র। শুরু থেকেই সিনেমাটির গানের প্রতি আলাদা মনোযোগ ছিল নির্মাতার। আর তাতেই প্রাণ দিয়েছেন ইমরান ও কনার গাওয়া এই ডুয়েট গানটি।
গানটি নিয়ে ইমরান বলেন,
‘আমি বরাবরই চেষ্টা করি এমন গানে কণ্ঠ দিতে, যার মধ্যে গল্প থাকে, আবেগ থাকে। এই গানটি ঠিক তেমনই। ইমন সাহা ভাইয়ের সুরে এক অন্যরকম আবহ তৈরি হয়েছে। কনার সঙ্গে কাজ করতে সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’
অন্যদিকে কনা বলেন,
‘এই গানটির রেকর্ডিংয়ের সময় আমার মনে হয়েছিল, যেন কোনো সিনেমার ভেতরে ঢুকে পড়েছি। কথা, সুর, কম্পোজিশন—সব মিলিয়ে খুব হৃদয়ছোঁয়া একটা গান হয়েছে এটা। ইমরানের সঙ্গে ডুয়েট সবসময়ই আনন্দের। শ্রোতারা গানটি আলাদা গুরুত্বে গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস।’
এই রোমান্টিক গানের মাধ্যমে সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ বাড়বে বলেই আশা সংশ্লিষ্টদের।
Posted ৫:১৮ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam