| সোমবার, ২৬ মে ২০২৫ | প্রিন্ট | 81 বার পঠিত
ঈদের ছুটিতে শিল্প এলাকায় ৩ দিন খোলা থাকবে ব্যাংক
ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫-১৪ জুন টানা ১০ দিন সরকারি ছুটি থাকবে। এ সময় বন্ধ থাকবে ব্যাংকও। তবে তৈরি পোশাক শিল্পে কর্মরতদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রফতানি বিল বিক্রির সুবিধার্থে পোশাক শিল্প এলাকায় ৫, ১১ ও ১২ জুন সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে বলা হয়েছে। ওই তিনদিন ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোয় লেনদেন চলবে নির্ধারিত সময়ে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে গতকাল এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে আগামী ৫ জুন (বৃহস্পতিবার) সীমিত পরিসরে ব্যাংকের শাখা খোলা থাকবে। শিল্পঘন ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোয় লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এবং ব্যাংক খোলা থাকবে বিকাল ৪টা পর্যন্ত। বাকি সময় ব্যাংকের লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে।এছাড়া ওষুধ শিল্প খাতসহ আমদানি-রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠান বা গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেন সম্পাদনের লক্ষ্যে ১১ ও ১২ জুন অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটির দিন ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এ দুইদিন বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোয় সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন হবে। এছাড়া লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৪টা পর্যন্ত। নির্দেশনায় আরো বলা হয়, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
Posted ৪:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam