| রবিবার, ২৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | 100 বার পঠিত
এনসিসি ব্যাংকের দর বেড়েছে ১৯ শতাংশ
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসির শেয়ারদর গত সপ্তাহে ১৮ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। এতে ব্যাংকটির শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১২ টাকায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১০ টাকা ১০ পয়সা।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এনসিসি ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৮ কোটি ২৩ লাখ টাকা, আগের হিসাব বছরে নিট মুনাফা ছিল ১৬ কোটি ৮৬ লাখ টাকা। প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৭৪ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এনসিসি ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭ পয়সা। এনসিসি ব্যাংকের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল)।
Posted ৪:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam