| রবিবার, ০৪ মে ২০২৫ | প্রিন্ট | 130 বার পঠিত
এমটিবির চেয়ারম্যান হলেন রাশেদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ড. আরিফ দৌলা
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাশেদ আহমেদ চৌধুরী। এ দায়িত্ব গ্রহণের আগে তিনি ভাইস চেয়ারম্যান ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। অন্যদিকে এমটিবির নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেন ড. আরিফ দৌলা। এর আগে তিনি ২০১২-১৪ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি এমটিবি পরিচালনা পর্ষদের ৩২০তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এমটিবির নতুন চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী বর্তমানে এবিসি বিল্ডিং প্রডাক্টস লিমিটেড এবং বঙ্গ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন লিমিটেড (এবিসি) এবং এবিসি রিয়েল এস্টেট লিমিটেডের একজন পরিচালক।
রাশেদ আহমেদ চৌধুরী ২০১৪-১৬ সাল পর্যন্ত এমটিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) বোর্ড অব ট্রাস্টিজের একজন প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও সাবেক চেয়ারম্যান।
রাশেদ আহমেদ চৌধুরী ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের (আইআইইআইঅ্যান্ডএইচ) ব্যবস্থাপনা কমিটির সদস্য। তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একজন সদস্য।
এমটিবির নতুন ভাইস চেয়ারম্যান ড. আরিফ দৌলা বর্তমানে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেড এবং স্টকাস্টিক লজিক লিমিটেডের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি এসিআই-সিও-আরও বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান, এসিআই হেলথ কেয়ার লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং এসিআই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন।
ড. আরিফ দৌলা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়াগো থেকে গণিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটির সদস্য এবং ২০০৯ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক ‘ইয়াং গ্লোবাল লিডার’ হিসেবে সম্মানিত হন।
ড. আরিফ দৌলা বর্তমানে বাংলাদেশে বেলজিয়ামের সম্মানসূচক কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্টের (এসপিবিএ) বোর্ড অব গভর্নরসের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam