| রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 54 বার পঠিত
কর্মসংস্থান ব্যাংকের গৃহীত ৯০ দিনের বিশেষ উদ্যোগের আওতায় চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক এবং শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামের মুরাদপুরস্থ এলজিইডি ভবনে ব্যবসা উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী এবং মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মনোজ রায় এবং মো. মোমতাজ উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে মানসম্মত ঋণ বিতরণ এবং টেকসই উদ্যোক্তা গড়ে তোলার ওপর জোর দেন। পাশাপাশি সমন্বিত প্রচেষ্টা, দায়িত্ববোধ ও আন্তরিকতার মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ব্যবসায়িক বিভিন্ন সূচকে সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান। তিনি ৯০ দিনের বিশেষ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
ব্যবস্থাপনা পরিচালক কর্মসূচির কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে ঋণ আদায়ের হার বৃদ্ধি, ঋণের স্থিতি উন্নয়ন এবং শ্রেণিবদ্ধ, খেলাপি ও অবলোপনকৃত ঋণ পুনরুদ্ধারে জোরদার পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে প্রধান কার্যালয়ের নির্ধারিত লক্ষ্য শতভাগ অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
Posted ৪:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam