সাধারণ মানুষের কাছে থাকা ছেঁড়া, ফাটা বা ময়লাযুক্ত নোট নির্ধারিত ব্যাংকিং নীতিমালার আওতায় বিনিময় করার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে তাদের প্রতিটি শাখায় পৃথক সেবা কাউন্টার স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, কোনো ব্যাংক শাখা যদি এসব নোট গ্রহণ বা পরিবর্তনে গ্রাহকদের সেবা দিতে ব্যর্থ হয় বা এড়িয়ে চলে, তাহলে সংশ্লিষ্ট শাখার বিরুদ্ধে প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সংক্রান্ত একটি সার্কুলার রোববার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাজারে ছেঁড়া, ফাটা ও ময়লাযুক্ত নোটের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিদ্যমান নির্দেশনা থাকা সত্ত্বেও এসব নোটের ব্যবহার কমানো যাচ্ছে না। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক কঠোর অবস্থান নিয়ে ব্যাংকগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে। বিশেষ করে ৫, ১০, ২০ ও ৫০ টাকার ছেঁড়া-ফাটা ও নোংরা নোট গ্রাহকদের কাছ থেকে গ্রহণ করে পরিবর্তনের জন্য প্রতিটি ব্যাংকের নির্ধারিত কাউন্টারে সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে এ সুবিধা নিতে পারেন।