| বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 2027 বার পঠিত
দেশের প্রথম প্রাইভেট বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড এখন নতুন নেতৃত্বে পুনরুদ্ধারের পথে। চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরীর যোগদানে ব্যাংকটি আবারও স্থিতিশীলতা ও গ্রাহক আস্থার দিকে এগিয়ে যাচ্ছে।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল ব্যাংক পিএলসি বাংলাদেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দীর্ঘ চার দশকের পথচলায় ব্যাংকটি সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু প্রশাসনিক ও আর্থিক চ্যালেঞ্জের মুখে ব্যাংকটি স্থিতিশীলতা হারায়।
বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে এমডি হিসেবে দায়িত্ব নেওয়া আদিল চৌধুরী এই পরিস্থিতিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখছেন। তিনি এর আগে ব্যাংক এশিয়া লিমিটেড -এ সফলভাবে নেতৃত্ব দিয়ে ব্যাংকটিকে উল্লেখযোগ্য অগ্রগতিতে নিয়ে যান।
নতুন চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক একসঙ্গে ব্যাংকের অভ্যন্তরীণ সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। তাদের প্রচেষ্টায় কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে, যা ব্যাংকের সামগ্রিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলছে।
ব্যাংক বিশেষজ্ঞদের মতে, অভিজ্ঞ ও পেশাদার নেতৃত্বের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক আবারও তার পুরনো গৌরব ফিরে পেতে পারে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নিয়মিত তদারকি ও নীতিগত সহায়তা থাকলে ব্যাংক খাতের সার্বিক স্থিতিশীলতাও আরও সুদৃঢ় হবে।
Posted ৮:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam