| সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 152 বার পঠিত
বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে সুশাসন, স্বচ্ছতা ও জনগণের আস্থা পুনঃস্থাপনে এখন সবচেয়ে বড় প্রয়োজন দক্ষ, অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানসম্পন্ন নেতৃত্বের। বিশেষজ্ঞ ও ব্যাংকিং সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, অনেক ব্যাংকে এখনো নেতৃত্বের ঘাটতি ও পেশাদার সিদ্ধান্ত গ্রহণের অভাব দেখা যাচ্ছে, যা পুরো সেক্টরের স্থিতিশীলতাকে প্রভাবিত করছে।
তাদের মতে, দেশের হাতে গোনা কয়েকজন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সততা, নিষ্ঠা ও দক্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে বেশ কিছু ব্যাংকে নেতৃত্বের পদে এমন ব্যক্তিরা রয়েছেন, যারা আধুনিক ব্যাংকিং, রেমিট্যান্স ব্যবসা, বৈদেশিক বিনিয়োগ, বা ঋণ পুনরুদ্ধার কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা ও গভীর জ্ঞান থেকে বঞ্চিত।
সম্প্রতি কিছু ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায়ও এমন ব্যক্তিদের সম্ভাব্য নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, যাদের অতীতে শৃঙ্খলাভঙ্গ, অনিয়ম বা কর্মকর্তা হয়রানির অভিযোগের মুখোমুখি হতে হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এমন সিদ্ধান্ত ব্যাংকিং সেক্টরে আস্থা ও সুশাসন প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
অভিজ্ঞ ব্যাংকাররা বলছেন, যদি বাংলাদেশ ব্যাংক অতীতে কঠোর তদারকি করত, তবে ব্যাংক খাতে অনিয়ম, লুটপাট ও অব্যবস্থাপনা এতটা গভীর হতো না। দক্ষ ও সৎ ব্যাংকারদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে নেতৃত্বে আনলে, ব্যাংকগুলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও বড় অবদান রাখতে পারত এবং আন্তর্জাতিক পর্যায়েও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করত।
তাদের মতে, গত ১৫ থেকে ১৬ বছরে প্রায় ৪৫ হাজারেরও বেশি অভিজ্ঞ ও দক্ষ ব্যাংকার বিদেশে পাড়ি জমিয়েছেন এবং সেখানে সাফল্যের সঙ্গে কাজ করছেন—যা দেশের জন্য গর্বের হলেও স্থানীয় ব্যাংকিং ব্যবস্থার জন্য উদ্বেগজনক। কারণ, তাদের অনেকেই দেশে যথাযথ সুযোগ ও স্বীকৃতি না পেয়ে বিদেশে চলে গেছেন।
এছাড়া, বেশ কিছু সাবেক ব্যাংক নির্বাহী বর্তমানে বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ বা পরামর্শক পদে নিযুক্ত আছেন, যা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে—এভাবে সুশাসন ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব কি না।
বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্প্রতি বলেছেন, দেশে দক্ষ, অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের এমডি পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই ব্যাংকিং সেক্টরে সুশাসন নিশ্চিত করতে শুধু নিয়োগ নয়, বরং রাজনৈতিক প্রভাবমুক্ত, যোগ্যতা-ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।
Posted ৫:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam