| সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 119 বার পঠিত
বাধ্যতামূলক ছুটিতে ছয় ব্যাংকের এমডি
দেশের আরও দুর্বল পাঁচটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) সাময়িক ছুটিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলো হলো-এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। রোববার বিকালে এসব দুর্বল ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে এক জরুরি বৈঠকে গভর্নর এ নির্দেশনা দেন।
এর আগে বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এর একদিন পর পাঁচ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাকে ছুটিতে পাঠানোর প্রক্রিয়া শুরু হলো। শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ৩ মাসের ছুটিতে পাঠায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এ সময় ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করবেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে। সেখানে এসব ব্যাংকে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার বিষয়টি আলোচিত হয়।
যে পাঁচ ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। জানা গেছে, বেশ কয়েকটি ব্যাংকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিবিড় অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকগুলো থেকে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় বিপুল পরিমাণ ঋণ নামে-বেনামে বের করে নিয়ে পাচার করা হয়েছে বলে অভিযোগ আছে। এ অর্থ এখন আর ব্যাংকে ফেরত আসছে না, ফলে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে চলছে।
জানা গেছে, এডিবির অর্থায়নে ৬টি ব্যাংকের ফরেনসিক অডিট শুরু করতে যাচ্ছে বিদেশি অডিট ফার্ম। তারা চান স্বচ্ছতার সঙ্গে অডিট সম্পন্ন করতে বর্তমান এমডিদের কেউ যেন দায়িত্বে না থাকেন। যে কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে মৌখিকভাবে বলা হয়েছে। তবে অডিটে কারও অনিয়ম পাওয়া না গেলে তারা আবারও স্বপদে ফিরতে পারবেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) ভাইস চেয়ারম্যান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, স্বচ্ছতার সঙ্গে অডিট সম্পন্ন করার জন্য এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারও দায় প্রমাণিত না হলে তিনি আবার ফিরতে পারবেন।
গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন, এডিবির অর্থায়নে ৬টি ব্যাংকের ফরেনসিক অডিট শুরু করছে বিদেশি অডিট ফার্ম। স্বচ্ছতার সঙ্গে অডিট সম্পন্ন করতে তারা চান বর্তমান এমডিরা কেউ দায়িত্বে না থাকুক। সে কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, এমডিদের সাময়িক সরিয়ে দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংকের পর্ষদে সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক তদন্তের স্বার্থে তাদের সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে। তবে অনিয়মের সঙ্গে কারও সম্পৃক্ততা না থাকলে তারা আবার ফিরতে পারবেন। গত মাসে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ বিধান জারি করেছে। এ বিধানের আওতায় দেশের ব্যাংকগুলোতে ঝুঁকিভিত্তিক সমন্বিত নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে যোগ্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করবে কেন্দ্রীয় ব্যাংক।
Posted ৫:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam