চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ-এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। তিনি গতকাল ঢাকায় পৌঁছান বলে বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ সফরে জোহানেস জুট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জোহানেস জুট বলেন, ‘এ দেশের মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে উঠেছে, যা আমার মনে দারুণভাবে গেঁথে আছে। আমি সব সময়ই মুগ্ধ হয়েছি, বাংলাদেশের মানুষের দৃঢ়তা, সৃজনশীলতা এবং নিজেদের সন্তানদের জন্য একটি ভালো ভবিষ্যৎ গড়ে তোলার দৃঢ় সংকল্প দেখে। আমি আগ্রহ নিয়ে আবার বাংলাদেশে এলাম, যেন নিজের চোখে দেখে নিতে পারি—গত ১০ বছরে কী অসাধারণ পরিবর্তন হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ধরে রাখা এবং প্রতি বছর কর্মবাজারে প্রবেশ করা প্রায় ২০ লাখ তরুণ-তরুণীর জন্য আরো ভালো ও বেশি কর্মসংস্থান তৈরিতে বিশ্বব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।’
ডাচ নাগরিক জুট ১৯৯৯ সালে বিশ্বব্যাংকে যোগদান করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি তুরস্ক, কোমোরোস, ইরিত্রিয়া, কেনিয়া, রুয়ান্ডা, সেশেলস এবং সোমালিয়ায় কান্ট্রি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।