| মঙ্গলবার, ০৬ মে ২০২৫ | প্রিন্ট | 102 বার পঠিত
১ হাজার ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে পূবালী ব্যাংক
ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এ বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি পুঁজিবাজার থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। ব্যাংকটির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।তথ্যমতে, এ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটির মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ডটি ইস্যু করা হবে।আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পূবালী ব্যাংক। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৮ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পূবালী ব্যাংক। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি ইপিএস হয়েছে ৬ টাকা ৭৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৪৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৬ টাকা ৩৩ পয়সায়।
১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৫৬ কোটি ৮৩ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৩ হাজার ৬০৭ কোটি ৭৩ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১১৫ কোটি ৬৮ লাখ ৩০ হাজার ৯৯৫। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩১ দশমিক ৪৯ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৬৭ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৩৯ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ৬:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam