দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশের আয়োজনে সম্প্রতি পেমেন্টস ও ট্রেজারি ম্যানেজমেন্টের উন্নয়নে বিভিন্ন ডিজিটাল টুলের ব্যবহারবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ডিজিটাইস অ্যাট স্কেল: ইমার্জিং ট্রেন্ডস ইন পেমেন্টস অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট সলিউশনস’ শীর্ষক এ আয়োজনে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এবং এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান উপস্থিত ছিলেন। ট্রেজারি এপিআই এবং হোস্ট টু হোস্ট নিয়ে আলোচনায় মূল বক্তা ছিলেন এইচএসবিসি এশিয়া প্যাসিফিকের হোলসেল ডিজিটাল চ্যানেলস বিভাগের সিনিয়র ডিজিটাল ম্যানেজার ললিত শ্রীমালি। অন্যদিকে প্রযুক্তির সহায়তায় পেমেন্ট ও আর্থিক ব্যবস্থাপনা আরো সহজ করার লক্ষ্যে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্যানেলিস্টদের মধ্যে ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, হাতিলের চেয়ারম্যান ও এমডি সেলিম এইচ রহমান, লিন্ডে বাংলাদেশের কান্ট্রি হেড ও এমডি বিভাবসু সেনগুপ্ত এবং বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের অতিরিক্ত পরিচালক মো. খায়রুল আনাম। আলোচনাটি পরিচালনা করেন এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল পেমেন্টস সলিউশনস বিভাগের হেড অব ক্লায়েন্ট ম্যানেজমেন্ট অমিত চক্রবর্তী।