| সোমবার, ২৬ মে ২০২৫ | প্রিন্ট | 118 বার পঠিত
ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্র্যাক ব্যাংক
ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ব্র্যাক ব্যাংক। শনিবার (২৪ মে) কক্সবাজারের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মার্কেন্টাইল ব্যাংককে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ব্র্যাক ব্যাংকের অ্যামেচার করপোরেট ক্রিকেট দল।
১৫ ওভারের এ টুর্নামেন্টে অংশ নেয় ছয়টি ব্যাংক—ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মার্কেন্টাইল ব্যাংক নির্ধারিত ১৫ ওভারে ১০৭ রান করে। জবাবে নির্ধারিত লক্ষ্য অনায়াসে টপকে যায় ব্র্যাক ব্যাংক, যা তাদের টুর্নামেন্টে জয়ের পথ তৈরি করে।
গ্রুপ পর্বেও দারুণ পারফরম্যান্স করে ব্র্যাক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে ৯ উইকেটে ও মার্কেন্টাইল ব্যাংককে ৭ উইকেটে হারিয়ে তারা ফাইনালে ওঠে। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক ভালো খেলে নিজেদের আধিপত্য ধরে রাখে দলটি।
ব্র্যাক ব্যাংক দলের অধিনায়ক ও ব্যাংকের প্রকিউরমেন্ট অফিসার আলাউদ্দিন মনা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা ব্যাটার নির্বাচিত হন। কার্ড অপারেশনস বিভাগের অফিসার ঈশান বণিক প্লেয়ার অব দ্য ফাইনাল ও সেরা বোলারের পুরস্কার লাভ করেন। ব্যাট ও বল হাতে সবার পারফরম্যান্সে ফুটে ওঠে ব্র্যাক ব্যাংকের ভারসাম্যপূর্ণ দলীয় শক্তি।
ব্র্যাক ব্যাংকের হেড অব জেনারেল সার্ভিসেস এবং ক্রিকেট দলের পৃষ্ঠপোষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আমিন আকবর বলেন, এই জয় শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ নয়। এটি আমাদের দলীয় প্রচেষ্টা, শৃঙ্খলা ও শ্রেষ্ঠত্বের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি বলেন, এ অর্জন ব্র্যাক ব্যাংকের কর্মপরিবেশের উদাহরণ, যেখানে পারস্পরিক সহযোগিতা ও পারফরম্যান্স একসঙ্গে এগিয়ে চলে। মাঠ ও মাঠের বাইরে ব্র্যাক ব্যাংকের কর্মীরা বরাবরই সাফল্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই শিরোপা সে প্রমাণই তুলে ধরেছে। —বিজ্ঞপ্তি
Posted ৪:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam