| শনিবার, ৩১ মে ২০২৫ | প্রিন্ট | 76 বার পঠিত
অধিগ্রহণ ইস্যুতে ব্যাংক আলফালাহ্ ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি
পাকিস্তানভিত্তিক ব্যাংক আলফালাহ্কে অধিগ্রহণ করতে ব্যাংকটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংক এশিয়া।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৭ পয়সা।
৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৩৪ পয়সায়।
সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংক এশিয়ার ইপিএস হয়েছে ২ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ২৮ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংক এশিয়ার ইপিএস হয়েছে ১ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৬২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ২৫ টাকা ২২ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংক এশিয়া। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ২৪ টাকা ৪১ পয়সায়।
২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ২৮২ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৭৪ কোটি ৩৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১২৮ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৫৪৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫২ দশমিক ৩৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৮ দশমিক ৭৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৮ দশমিক ৮৭ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ৪:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam