| সোমবার, ১৬ জুন ২০২৫ | প্রিন্ট | 101 বার পঠিত
দেশের প্রথম ওপেন এপিআই ব্যাংকিং চালু করল ইউসিবি
বাংলাদেশের প্রথম ওপেন এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) ব্যাংকিং প্লাটফর্ম চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি। এর ফলে গ্রাহকরা বিভিন্ন অ্যাপ ও প্লাটফর্মে আরো দ্রুত ও সহজে ব্যাংকিং সেবা পাবেন। রাজধানীর গুলশানে ইউসিবির প্রধান কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানান ব্যাংকটির নির্বাহীরা।
সংবাদ সম্মেলনে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘এপিআই সুবিধা এখনো বাংলাদেশের ব্যাংকিং জগতে যুক্ত হয়নি। আমরাই প্রথম এ সুবিধা নিয়ে এসেছি। নতুন এ সংযোজনের মাধ্যমে ইউসিবির গ্রাহকসেবা আরো উন্নত ও দ্রুততর হবে, সেই সঙ্গে এর ব্যাপ্তিও প্রসারিত হবে।’
এ সময় ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বৈশ্বিকভাবেই ফিনটেক ব্যাংকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় আমাদের ব্যাংকিং সিস্টেমকে ফিনটেকের মানদণ্ডে নিতে না পারলে সব ধরনের পেমেন্ট ফিনটেকের মাধ্যমেই হবে। তখন আর ব্যাংকের প্রয়োজন হবে না।’
সংবাদ সম্মেলনে ইউসিবির ডিজিটাল রূপান্তর প্রকল্পের কারিগরি সহযোগী প্রতিষ্ঠান ওয়াকলের প্রতিনিধিসহ ব্যাংকের অন্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৪:২২ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam