| বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ | প্রিন্ট | 53 বার পঠিত
দেশের ব্যাংক খাতের পূর্বাভাস ‘নেতিবাচকে’ নামিয়ে আনল মুডি’স
বাংলাদেশের ব্যাংক খাতের পূর্বাভাসকে স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়ে এনেছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডি’স। মুডি’সের গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি ও দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে ৪ দশমিক ৫ শতাংশ, যা গত বছরের ৫ দশমিক ৮ শতাংশ থেকে উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে। সংস্থাটি জানায়, অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতির উচ্চ হার বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশকে আরো জটিল করে তুলতে পারে।
মুডি’সের মতে, রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা, পোশাক শিল্পের সরবরাহশৃঙ্খলে বিঘ্ন এবং দেশী-বিদেশী বাজারে চাহিদা হ্রাস প্রবৃদ্ধি কমার মূল কারণ।
অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক ১৫ মাসের ব্যবধানে নীতিগত সুদের হার ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করেছে। তার পরও এখনো মূল্যস্ফীতি উচ্চমাত্রায় রয়েছে। এটি প্রায় ৯ দশমিক ৮ শতাংশে থাকার আশঙ্কা করছে মুডি’স।
মুডি’সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ব্যাংক খাতের সম্পদের ঝুঁকি বাড়ছে। কারণ খেলাপি ঋণের হার বেড়ে চলেছে। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে খেলাপি ঋণের হার ১৭ শতাংশে পৌঁছে, যা কিনা তার নয় মাস আগে ছিল ৯ শতাংশ।
মুডি’স সতর্ক করে বলেছে, খেলাপি ঋণের কারণে বাংলাদেশের ব্যাংক খাতের সম্পদের ঝুঁকি বাড়তে থাকবে। ২০২৪ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর গড় মূলধন পর্যাপ্ততার অনুপাত (সিএআর) ছিল ঋণাত্মক ২ দশমিক ৫ শতাংশ, যা বেসরকারি ব্যাংকগুলোর ৯ দশমিক ৪ শতাংশ গড়ের তুলনায় অনেক নিচে এবং নিয়মিত ন্যূনতম মূলধন চাহিদারও নিচে। খেলাপি ঋণের উচ্চ হার ও দুর্বল মুনাফার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মূলধনের সংকটে থাকবে, সরকার নতুন করে মূলধন সহায়তা না দিলে তাদের অবস্থার উন্নতি হবে না।
Posted ৪:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam