| সোমবার, ১৭ মার্চ ২০২৫ | প্রিন্ট | 66 বার পঠিত
ইসলামী ব্যাংকিং আয়বৈষম্য দূরীকরণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে
ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামী ব্যাংকিং আয়বৈষম্য দূরীকরণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। এর ফলে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হচ্ছে।
আজ শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনিস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, যাকাত, সাদাকা ও ওয়াকফের মাধ্যমে ইসলামী ব্যাংকিং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে থাকে। এ কারণে ইসলামী ব্যাংকিং এখন শুধু মুসলিম দেশেই নয়, বরং যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে জনপ্রিয় হচ্ছে। আন্তর্জাতিক বাজারেও এটি একটি নির্ভরযোগ্য ও লাভজনক ব্যাংকিং ব্যবস্থা হিসেবে বিবেচিত। এ ব্যাংকিংয়ের মাধ্যমে সারা দুনিয়ায় ১.৮ ট্রিলিয়ন ডলার ব্যবস্থাপিত হয়।
তিনি বলেন, ইসলামিক ফাইন্যান্স একটি ন্যায়সঙ্গত ও নৈতিক অর্থনৈতিক ব্যবস্থা যা সুদের পরিবর্তে লাভ-ক্ষতির ভিত্তিতে লেনদেন করে। এটি শুধু মুসলমানদের জন্য নয়, বরং যেকোনো ন্যায়সঙ্গত ও স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থার অংশ হতে পারে।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম মিয়ার সভাপতিত্ব এতে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক। অন্যান্যের মধ্যে প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফেলোস ফোরামের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ শরীফ প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এর আগে ধর্ম উপদেষ্টা ইনস্টিটিউট অব ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইকোনোমিকস ভবনের ফলক উম্মোচন করেন।
Posted ৪:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam