এনআরবি ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইকবাল আহমেদ। সম্প্রতি ব্যাংকের এক সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা তাকে এ দায়িত্ব দেন।
ইকবাল আহমেদ বর্তমানে সীমার্ক গ্রুপ অব কোম্পানিজ ও আইবিসিও ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠান দুটি বিশ্বব্যাপী হিমায়িত সামুদ্রিক খাবার এবং বিভিন্ন খাদ্যপণ্য সরবরাহ ও বিতরণ ব্যবসা পরিচালনা করে থাকে।
আন্তর্জাতিক বাণিজ্যে অবদানের জন্য ইকবাল আহমেদ ২০০১ সালে ব্রিটেনের রানির সর্বোচ্চ সম্মাননা ওবিই (অফিসার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) অর্জন করেন। ২০০২-২৫ সাল পর্যন্ত প্রায় প্রতি বছরই তিনি বাংলাদেশ সরকারের কাছ থেকে শ্রেষ্ঠ রফতানিকারক হিসেবে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) সম্মাননা পেয়েছেন।
এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ইকবাল আহমেদের স্বপ্ন ছিল অনাবাসী বাংলাদেশীদের জন্য একটি আর্থিক প্রতিষ্ঠান স্থাপন করা। সে লক্ষ্যে তিনি বিশ্বের ৪৬ জন অনাবাসী বাংলাদেশী উদ্যোক্তা বিনিয়োগকারীকে বাংলাদেশে বিনিয়োগের জন্য একত্র করেছিলেন।
ইকবাল আহমেদ ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) চেয়ারম্যান। সংগঠনটি যুক্তরাজ্য ও বাংলাদেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পেতে উৎসাহিত করে থাকে।