| রবিবার, ১৫ জুন ২০২৫ | প্রিন্ট | 82 বার পঠিত
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সরকারি খাতের কর্মদক্ষতা বাড়াতে বাংলাদেশকে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির ঢাকা অফিস থেকে গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিটার) প্রকল্প’-এর আওতায় এ অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড। এর মাধ্যমে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার কর্মসূচিগুলোকে সহায়তা দেয়া হবে, বিশেষ করে পরিসংখ্যান ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, ক্রয় প্রক্রিয়া ও আর্থিক তদারকির ক্ষেত্রে।
এ প্রকল্পের আওতায় পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পরিকল্পনা বিভাগ, সরকারি ক্রয় কর্তৃপক্ষ (বিপিপিএ) ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর (সিএজি)।
বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন প্রধান গেইল মার্টিন বলেন, ‘এ বিনিয়োগ সরকারের ডিজিটাল রূপান্তরকে উৎসাহিত করবে, যা স্বচ্ছতা বাড়াবে ও দুর্নীতির ঝুঁকি কমাবে। একই সঙ্গে জনগণের কাছে সরকারি পরিষেবার গুণগতমান ও প্রবেশাধিকার উন্নত হবে এবং প্রতিষ্ঠানের প্রতি আস্থা বাড়বে।’
এ প্রকল্পের আওতায় কর প্রশাসনের আধুনিকায়ন করা হবে; সেই সঙ্গে করদাতার সংখ্যা বাড়বে ও রাজস্ব আয় বৃদ্ধি পাবে। একই সঙ্গে সরকারি ব্যয়েও আসবে জবাবদিহিতা। জনগণের অর্থের সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই এর লক্ষ্য। এছাড়া সরকারি পরিসংখ্যান ব্যবস্থা হবে আরো তথ্যনির্ভর ও নির্ভরযোগ্য; থাকবে সরকারি ক্রয়ে দ্বিতীয় প্রজন্মের ডিজিটাল পদ্ধতি ও নিরীক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ।
বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও প্রকল্পের প্রধান সুলেমানে কুলিবালি বলেন, ‘একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো হচ্ছে, যা দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এ প্রকল্প ও ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট উভয়ই সরকারকে আর্থিক ব্যবস্থাপনা এবং জনপরিষেবা উন্নয়নে সফটওয়্যার-হার্ডওয়্যারের সমন্বিত সমর্থন দেবে।’
স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে অন্যতম বড় উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক। এখন পর্যন্ত সংস্থাটি বাংলাদেশে ৪৫ বিলিয়ন বা ৪ হাজার ৫০০ কোটি ডলারের বেশি অনুদান, সুদমুক্ত ও স্বল্প সুদের ঋণ দিয়েছে।
Posted ৪:২০ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam