শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে ৬০ ব্যাংকে বিশেষ নিরীক্ষা

  |   বুধবার, ২৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   78 বার পঠিত

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে ৬০ ব্যাংকে বিশেষ নিরীক্ষা

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে ৬০ ব্যাংকে বিশেষ নিরীক্ষা

দেশের ব্যাংক খাতে কার্যকর সুশাসন প্রতিষ্ঠার অংশ হিসেবে ঝুঁকিভিত্তিক সুপারভিশন সিস্টেম চালু করা হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, ‘এ প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে ২০টি ব্যাংকের সুপারভিশন শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে ৬০টি ব্যাংকেরই সুপারভিশন সম্পন্ন হবে।’

প্রথমবারের মতো দেশে চালু হওয়া গুগলের ডিজিটাল সেবা ‘গুগল ওয়ালেট’ বা ‘গুগল পে’র উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ কথা বলেন। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় দেশে ডিজিটাল এ লেনদেন সেবা চালু করেছে বেসরকারি খাতের সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটির গ্রাহকরা এখন থেকে তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। রাজধানীর একটি হোটেলে গতকাল ড. আহসান এইচ মনসুর সেবাটি উদ্বোধন করেন।

সব ক্ষেত্রেই শৃঙ্খলা ফেরানোর চেষ্টা চলছে উল্লেখ করে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘দেশের ব্যাংক খাত আর কোনোদিন যাতে আগের অবস্থায় (লাগামহীন অনিয়ম-দুর্নীতি) যেতে না পারে সেটি নিশ্চিত করা হবে।’

প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আমরা দেশী-বিদেশী উদ্যোক্তাদের উৎসাহিত করছি। একটি সাধারণ ধারণা আছে, বিদেশী বিনিয়োগকারীরা এলে আমাদের টাকা নিয়ে যায়। এটি ঠিক নয়। বিদেশী বিনিয়োগের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনা আসে। যদি মনে করি, আমাদের প্রযুক্তির মাধ্যমেই সবকিছু হবে, তাহলে হবে না। এক্ষেত্রে সংমিশ্রণটা অনেক বেশি প্রয়োজন। প্রত্যেক বাংলাদেশী যেন ব্যাংক বা আর্থিক খাতের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা গড়ে তুলতে পারে, আমরা সে প্রচেষ্টা নিয়েছি।’

আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে নিজের কার্যক্রম তুলে ধরেন গভর্নর। তিনি বলেন, ‘অগ্রগতি হওয়া সত্ত্বেও আমরা এখনো আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। এটি আরো বাড়াতে হবে। অন্তর্ভুক্তি কীভাবে বাড়ানো যায়, সেটি নিয়ে আমরা কাজ করছি। ক্রেডিট কার্ড, এমএফএস, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, এজেন্ট ব্যাংকিংসহ সবক’টি চ্যানেল ব্যবহার করে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো হবে। আমরা খুব শিগগির ডিজিটাল ব্যাংকও নিয়ে আসছি। একই সঙ্গে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোর জন্য ঋণ শ্রেণীকরণ নীতিমালায় আমূল পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রে আমরা আন্তর্জাতিক নীতির চর্চা শুরু করেছি। হিসাবায়নের ক্ষেত্রে আগামীতে আইএফআরএস৯ চালু করা হবে।’

আহসান এইচ মনসুর বলেন, ‘সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা ও মূল্যস্ফীতি কমিয়ে আনা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। এ দুটি দায়িত্বই আমরা যথাযথভাবে পালনের চেষ্টা করছি। আমি শুরু থেকেই বলে আসছি, এক্ষেত্রে আমরা সফল হব, এতে কোনো সন্দেহ নেই। এরই মধ্যে অনেকটাই অগ্রগতি হয়েছে। পুরোপুরি সফল হতে আরো সময় লাগবে। আর কিছুদিন পর আমরা ব্যাল্যান্স অব পেমেন্টের (বিওপি) তথ্য পাব। আশা করছি, চলতি অর্থবছরের মধ্যেই বাংলাদেশের বিওপি উদ্বৃত্তের ধারায় চলে আসবে। চলতি মাসের মধ্যেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৮ বিলিয়ন ডলারের বেশি হবে।’

বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেয়ার বিষয়ে গভর্নর বলেন, ‘ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেয়ার বিষয়ে আমাদের কোনো সংশয় ছিল না। তবে এটি কখন ছেড়ে দেব, সেটি নিয়ে বিতর্ক ছিল। যৌক্তিক একটি সময়ে আমরা বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিয়েছি। এ কারণে টাকার অবমূল্যায়ন হয়নি। আমরা চাই, প্রকৃত কারণ ছাড়া আমাদের টাকার মান কখনই যেন অবমূল্যায়ন না হয়। দুবাই থেকে টাকার মান নির্ধারণ করে দেশের ব্যাংক খাতে অস্থিরতা তৈরি করা যাবে না। নাগরিক হিসেবে আমরা যার যার দায়িত্ব পালন করে যাব।’

গভর্নর বলেন, ‘ব্যাংক খাতকে শক্তিশালী করার চেষ্টা করছি। কিছু ব্যাংককে একীভূতকরণ করতেই হবে। আমি আমানতকারীদের আবারো নিশ্চয়তা দিচ্ছি যে তাদের অর্থের কোনো ঘাটতি হবে না। যে যেখানে আছেন, সেখানেই থাকুন। আমরা আপনাদের দেখব।’

গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এছাড়া সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সেবাটির মাধ্যমে গ্রাহকেরা দেশে কিংবা বিদেশে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) লেনদেন করতে সক্ষম এমন পিওএস টার্মিনালে শুধু তাদের অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজে এবং ঝামেলাহীনভাবে লেনদেন শেষ করতে পারবেন। গুগল পেতে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে। এর মধ্য দিয়ে গ্রাহকের হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে তার ‘ডিজিটাল ওয়ালেট’। ফলে গ্রাহককে আর আলাদা করে কোনো প্লাস্টিক কার্ড বহন করা লাগবে না। আকাশপথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা, সবকিছুতেই লেনদেন হবে মোবাইল ফোনে।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, ‘গুগল পের মাধ্যমে প্রকৃত অর্থেই ডিজিটালি আর্থিক লেনদেন করতে পারে, এমন দেশের তালিকায় আমরা যুক্ত হলাম। এখন মানিব্যাগ থেকে কার্ড সরিয়ে গুগল পে চালুর সময় এসেছে। এর মাধ্যমে শুধু দেশে নয়, সারা পৃথিবীতে লেনদেন করা যাবে। এর মধ্য দিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল; আর্থিক অন্তর্ভুক্তিতে তা বড় ভূমিকা রাখবে। গ্রাহকদের জন্য এ উদ্ভাবনী সেবা নিয়ে আসতে পেরে আমরা গর্বিত।’

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com