বাংলাদেশ কৃষি ব্যাংকে (বিকেবি) জিয়া পরিষদের কমিটি প্রত্যাখ্যান করেছেন বিকেবি এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) ও বিকেবির জাতীয়তাবাদীমনস্ক কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গঠিত জাতীয়তাবাদী ফোরাম নামক প্লাটফর্মের নেতাকর্মীরা। তারা অনতিবিলম্বে ওই কমিটি বাতিলের জন্য সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
গতকাল বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়—জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব গত ৩১ মে বাংলাদেশ কৃষি ব্যাংকে জিয়া পরিষদের একটি কমিটি ঘোষণা করেন। জাতীয়তাবাদীমনা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কোনো আলোচনা ব্যতীত এ ধরনের ‘পকেট কমিটি’ ঘোষণার ফলে সবার মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিবের নির্দেশে জিয়া পরিষদের ওই শাখা কমিটি গত ২২ জুন বাতিল করা হয়। পরে জাতীয়তাবাদী নেতাদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা না করে ২৫ আগস্ট বাতিলকৃত কমিটির পাঁচ সদস্যকে বাদ দিয়ে পূর্বঘোষিত কমিটিকে পুনরায় অনুমোদন দেয়া হয়।