| রবিবার, ৩১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 76 বার পঠিত
ইসলামী ব্যাংকের পর্ষদ সভা আজ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকটির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) ও দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইসলামী ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০৮ কোটি ৭৯ লাখ টাকা, আগের হিসাব বছরে নিট মুনাফা ছিল ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা কমেছে ৮২ দশমিক ৮৮ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯৫ পয়সা। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৩৬ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও স্থান পরে জানাবে ইসলামী ব্যাংকের পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি।
আলোচ্য হিসাব বছরে ইসলামী ব্যাংকের ইপিএস হয়েছে ৩ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৫ টাকা ২৪ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইসলামী ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ২১ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইসলামী ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ৪০ টাকা ৮২ পয়সায়।
ইসলামী ব্যাংকের সর্বশেষ সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫ হাজার ৬৭৪ কোটি ৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮। এর দশমিক ১৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭৪ দশমিক ৯৮ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৮৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ৬:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam