| রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 81 বার পঠিত
সমুদ্রগামী ‘আফ্রাম্যাক্স’ অয়েল ট্যাংকার কিনতে মবিল যমুনা বা এমজেএল বাংলাদেশকে ৯৫ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১ হাজার ১৭০ কোটি টাকা ঋণ দিয়েছে ব্র্যাক ব্যাংক।
আফ্রাম্যাক্স অয়েল ট্যাংকার হলো সমুদ্রে বাংলাদেশি পতাকাবাহী সর্ববৃহৎ জাহাজ। এই ঋণসুবিধা বাংলাদেশের কোনো বেসরকারি ব্যাংকের শিপিং ও পেট্রোলিয়াম অবকাঠামো খাতে সর্ববৃহৎ একক বৈদেশিক মুদ্রার ঋণ। সম্প্রতি এমজেএল বাংলাদেশের সঙ্গে এ–সংক্রান্ত চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
ব্যাংকটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির অংশ হিসেবে এমজেএল বাংলাদেশ ইতিমধ্যে নিজেদের বহরে ‘এমটি ওমেরা গ্যালাক্সি’ নামক আফ্রাম্যাক্স শ্রেণির একটি তেলবাহী ট্যাংকার যুক্ত করেছে। প্রায় ১ লাখ ১৬ হাজার ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতাসম্পন্ন এ জাহাজ বর্তমানে বাংলাদেশি পতাকা বহনকারী সর্ববৃহৎ সমুদ্রগামী জাহাজ। দেশীয় ও আন্তর্জাতিক পেট্রোলিয়াম কোম্পানিগুলোকে সমুদ্র পরিবহনসেবা প্রদান করে এমজেএল বাংলাদেশ।
এমজেএল বাংলাদেশ ‘এমটি ওমেরা লিবার্টি’ নামক আরেকটি আফ্রাম্যাক্স অয়েল ট্যাংকার কেনার উদ্যোগ নিয়েছে, যা বর্তমানে একটি বিশ্বখ্যাত জাহাজ নির্মাণ কারখানায় নির্মাণাধীন।
ব্র্যাক ব্যাংক আরও জানিয়েছে, ২ সেপ্টেম্বর ঢাকায় মবিল হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এবং এমজেএল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুকুল হোসেন।
Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam