| বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 99 বার পঠিত
টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা পিএলসির সাবসিডিয়ারি ‘স্মার্ট পে লিমিটেড’ বাংলাদেশ ব্যাংক থেকে একটি অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছে। ফলে প্রতিষ্ঠানটি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে স্মার্ট পে লিমিটেড বাংলাদেশের কোম্পানি আইন, ১৯৯৪-এর অধীনে নিবন্ধিত রবি আজিয়াটার পূর্ণাঙ্গ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এর মূল কাজ হলো প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা বা ফিনটেকনির্ভর ইলেকট্রনিক পেমেন্ট সেবা প্রদান, যার মধ্যে বিল পরিশোধসহ অন্যান্য সংশ্লিষ্ট আর্থিক সেবাও অন্তর্ভুক্ত।
আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) রবির আয় হয়েছে ৪ হাজার ৮৯৫ কোটি ৯৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫ হাজার ১২০ কোটি ২১ লাখ টাকা। আলোচ্য সময়ে রবির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৮২ কোটি ৮৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২১৪ কোটি ১৫ লাখ টাকা।
প্রথমার্ধে রবির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪১ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৩১ পয়সায়।
Posted ১০:০২ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam