| রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 201 বার পঠিত
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংক নিয়ে এক যুগ আগে ২০১৩ সালে প্রথমবার সেরা ব্যাংক নির্বাচন করে বণিক বার্তা। ব্যাংকগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে প্রতি বছরই এ র্যাংকিং প্রকাশ করা হচ্ছে। সাধারণত প্রতি বছর জুন-জুলাইয়ে দেশের ব্যাংকগুলোর এ মূল্যায়ন প্রকাশ করা হয়। তবে কয়েকটি ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত হতে দেরি হওয়ায় এ বছর র্যাংকিংয়ের প্রস্তুতিও পিছিয়েছে। দেশের ব্যাংকগুলোর ২০২৪ সালের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এবার দ্বাদশ র্যাংকিং প্রস্তুত করা হয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ ও পর্যালোচনার ফলাফল বলছে, দেশসেরা ব্যাংক ব্র্যাক; দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে সিটি ও প্রাইম। প্রাপ্ত স্কোরে চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ইস্টার্ন ও পূবালী ব্যাংক। ডাচ্-বাংলা ব্যাংকের অবস্থান ষষ্ঠ। এবারের র্যাংকিংয়ে ৪০-এর বেশি স্কোর পেয়েছে তিনটি ব্যাংক। এর মধ্যে সর্বোচ্চ ৪৭ দশমিক শূন্য ৮ স্কোর ব্র্যাক ব্যাংকের। সিটি ব্যাংক ও প্রাইম ব্যাংক স্কোর করেছে যথাক্রমে ৪৪ দশমিক ৯৪ ও ৪০ দশমিক ৮১। অন্যদিকে ১০-এর নিচে স্কোর পাওয়া ব্যাংকের সংখ্যা পাঁচটি। এবার প্রথমবারের মতো ১ হাজার কোটি টাকার বেশি নিট মুনাফা করে ব্র্যাক ও সিটি ব্যাংক এ সূচকে সর্বোচ্চ নম্বর পেয়েছে। এবারের র্যাংকিংয়ের শীর্ষ দশের সপ্তম থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে উত্তরা, ট্রাস্ট, মিউচুয়াল ট্রাস্ট (এমটিবি) ও ব্যাংক এশিয়া।
Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam