সম্মিলিত ইসলামী ব্যাংকের অধিভুক্ত এক্সিম ব্যাংক থেকে অস্থায়ী প্রশাসক প্রত্যাহার

  |   শনিবার, ০১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   31 বার পঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকের অধিভুক্ত এক্সিম ব্যাংক থেকে অস্থায়ী প্রশাসক প্রত্যাহার

সম্মিলিত ইসলামী ব্যাংকের অধিভুক্ত এক্সিম ব্যাংক পিএলসিতে দায়িত্ব পালনরত অস্থায়ী প্রশাসক এবং তাঁর সঙ্গে দায়িত্বে থাকা পাঁচ সহকারী কর্মকর্তাকে প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। প্রত্যাহার করা সব কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে এক্সিম ব্যাংক পিএলসির মানবসম্পদ বিভাগ থেকে বৃহস্পতিবার (৩০ জুলাই) একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম, যিনি এক্সিম ব্যাংকের অস্থায়ী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাঁকে অবিলম্বে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

একই আদেশে অস্থায়ী প্রশাসকের সহকারী হিসেবে দায়িত্ব পালনকারী পাঁচ কর্মকর্তাকেও প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়। তারা হলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মাসুমা বেগম, অতিরিক্ত পরিচালক শেখ আহমেদ জামী, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, অতিরিক্ত পরিচালক মো. আব্দুল আউয়াল চৌধুরী এবং যুগ্ম পরিচালক মুহাম্মদ আখতার-উজ-জামান।

আদেশে বলা হয়েছে, প্রত্যাহার করা কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ সংযুক্ত করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ৩০ জুলাই কর্মদিবস শেষে এক্সিম ব্যাংকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন এবং পরবর্তী কর্মদিবসে বাংলাদেশ ব্যাংকে যোগদান করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক গত বছর এক্সিম ব্যাংকের পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংকটিতে অস্থায়ী প্রশাসক নিয়োগ দেয়। পরবর্তীতে এক্সিম ব্যাংককে সম্মিলিত ইসলামী ব্যাংকের সঙ্গে একীভূত (অধিভুক্ত) করার সিদ্ধান্তের পর ব্যাংকটির প্রশাসনিক ও পরিচালন কাঠামোয় ধারাবাহিক পরিবর্তন আনা হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যাংকিং সূত্রের মতে, অস্থায়ী প্রশাসক ও তাঁর সহকারী কর্মকর্তাদের প্রত্যাহারের এ সিদ্ধান্ত একীভূতকরণ-পরবর্তী প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ। এর মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা কাঠামো আরও সুসংহত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

ব্যাংকিং খাতসংশ্লিষ্টদের ধারণা, এক্সিম ব্যাংকের প্রশাসনিক দায়িত্ব থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের প্রত্যাহারের ফলে এখন থেকে ব্যাংকটির কার্যক্রম নতুন পরিচালনা কাঠামোর অধীনেই পরিচালিত হবে। এ পদক্ষেপ ব্যাংকটির পুনর্গঠন এবং একীভূত কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩০ এএম | শনিবার, ০১ অগাস্ট ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com